কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে একজনকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনজনের মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষার সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিরাজুল ইসলাম এবং শরীফ হাসান খান ও মোহম্মদ হোসেন নামে অপর দুই পরীক্ষার্থী ‘বি’ ইউনিটের পরীক্ষার সময় আটক হয়। ওই দুই পরীক্ষার্থীর বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মিরাজকে রাত ৮টার দিকে কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অপর দুজনকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।
তারা সবাই পরীক্ষার্থী সেজে অন্যজনের পরীক্ষা দিতে এসেছিলেন বলে পুলিশ জানায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আইনুল হক জানান, পরীক্ষায় জালিয়াতি করার দায়ে তিনজনকে আটক করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদের পর একজনকে কুমিল্লার কোতোয়ালী মডেল থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়।
