আসন্ন পৌরসভা নির্বাচনে হোমনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক ও তার ভাবী বর্তমান মেয়র হারুন মিয়ার স্ত্রী খোদেজা বেগমের দাখিলকৃত মনোনয়ন পত্র বাতিল হয়েছে। শনিবার মেয়র প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই শেষে তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও ইউএনও আহমেদ জামিল।
ইউএনও জানান, নির্বাচনের বিধি মোতাবেক স্বতন্ত্র প্রার্থীদেরকে একশত ভোটারের স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়ন ফরমের সঙ্গে জমা দিতে হয়। সে মোতাবেক তারা দু’জন পৃথক পৃথক একশত ভোটারের তালিকা জমা দিয়েছেন। বিধি মোতাবেক তাদের জমাকৃত স্বাক্ষরযুক্ত তালিকা থেকে পাঁচজন ভোটারের স্বাক্ষর যাচাই করা হয়। এর মধ্য জহিরুল হকের তালিকার একজন ও খোদেজা বেগমের তালিকার একজন ভোটারের স্বাক্ষর জাল পাওয়া যায়।
সরেজমিনে ওই দু’জন ভোটারের কাছে গেলে তাদের মধ্যে একজন ভোটার জানান, তিনি স্বাক্ষর করতে জানে না, সব কাজেই তিনি টিপসহি দেন। আর অন্যজন শিক্ষিত হলেও তিনি এ তালিকায় স্বাক্ষর করেননি বলে জানান। তাই বিধি মোতাবেক তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে মনোনয়ন পত্র বাতিল করা হয।
এ ব্যাপারে মনোনয়ন বাতিল হওয়া জহিরুল হক বলেন, 'আমি সঠিক আছি তারপরও কেন মনোনয়ন বাতিল করা হলো জানি না। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করা হবে।'
খোদেজা বেগম বলেন, 'আমার স্বামী বর্তমান মেয়র আমার পক্ষে একশত কেন পাঁচশত লোকের স্বাক্ষর নেয়াও সম্ভব।' তিনিও এ ব্যাপারে আপিল করবেন বলে জানান।
