কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেরী করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১০ শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগের নেতারা। শনিবার সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে ফুল দিতে যাওয়ার আগে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দীর সমাধিতে ফুল দিতে যাওয়ার জন্য হলের নেতাকর্মীদের সকাল সাড়ে সাতটার দিকে হলের গেস্টরুমে উপস্থিত হতে বলেন হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বনী আমীন মোল্লা। কিন্তু নির্দেশ অমান্য করে কয়েকজন আসতে দেরী করায় তাদেরকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মারধরে আহতরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিক, বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের আলমগীর, লিটন (দর্শন, ২য় বর্ষ), জুয়েল (ইংরেজি, ২য় বর্ষ), ফুয়াদ ও ফিরোজ (ম্যানেজম্যান্ট এন্ড ইফরম্যাশন সিস্টেম, ২য় বর্ষ), কামাল (আইইআর, ২বর্ষ), শাহাদত ও সাগর (ফিনান্স, ২য় বর্ষ) এবং মোশাররফ (১ম বর্ষ)। এদের মধ্যে আশিক গুরুতর আহতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিত্সাধীন রয়েছেন।
তবে বনী আমীন মোল্লা দাবি করেন, সমাধিতে ফুল দিতে যাওয়ার আগে কর্মীদের ডেকে আনতে পাঠিয়েছিলাম কয়েকজনকে। কিন্তু জুয়েল ও আশিক নামের দুই কর্মী বাকবিতাণ্ডতা করায় একপর্যায়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আশিকের মাথা ফেটে যায়। মারধরের বিষয়টি অস্বীকার করেন।
