নাসিরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক বসত ঘরে, নিহত ১

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ১৯:৫৭
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসত ঘরে ঢুকে পড়লে এর চাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
 
শনিবার সন্ধ্যায় উপজেলার নাসিরনগর-সরাইল সড়কের কুন্ডা সিএনবি পাড়ায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। 
 
এলাকাবাসী জানায়, ধান-বোঝাই ট্রাকটি ওই সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কুন্ডা সিএনবি পাড়ার ফরিদ খন্দকারের বসত ঘরে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটির নিচে চাপা পড়ে ওই ঘরের ফরিদ খন্দকারের মেয়ে সুরাইয়া বেগম (৩২) ঘটনাস্থলেই নিহত হন। আহত নারীসহ তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।