অ্যাডমিরাল হলেন নৌবাহিনী প্রধান আওরঙ্গজেব চৌধুরী

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২২:১০

নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন। গতকাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর উপস্থিতিতে আওরঙ্গজেব চৌধুরীকে অ্যাডমিরাল র্যাংক ব্যাজ পরানো হয়েছে। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল পদের র্যাংক ব্যাজ পরান। প্রধানমন্ত্রী র্যাংক ব্যাজ পরানোর পর নতুন নৌবাহিনী প্রধান হিসেবে অ্যাডমিরাল চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন।

অপরদিকে নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিবাদন জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক, মূখ্য সচিব মোঃ নজিবর রহমান, প্রতিরক্ষা সচিব আকতার হোসেন ভুঁইয়া, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান এসময় উপস্থিত ছিলেন। চলতি বছরের জানুয়ারিতে নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগের আগে চৌধুরী রিয়ার অ্যাডমিরাল পদমর্যাদায় বাংলাদেশ কোস্ট ট্রাস্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন নৌবাহিনী প্রধান এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী বিগত ২৬ জানুয়ারি অবসরে যাওয়া অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমদের স্থলাভিষিক্ত হন।

অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী ১৯৫৯ সালের ২৮ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা এ কে এম গিয়াসউদ্দিন চৌধুরী এবং মা মিসেস সাহেরা চৌধুরী। তিনি ১৯৭৮ সালের ১০ জুন বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত কোর্সে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি জার্মানি থেকে ক্যাডেট ট্রেনিং ও বেসিক কোর্স সম্পন্ন করেন এবং প্রথম স্থান অধিকার করেন। যুক্তরাষ্ট্রের নেভাল এম্ফিবিয়াস স্কুল হতে তিনি সারফেস ওয়ারফেয়ার কোর্স সম্পন্ন করেন এবং ভারতে গানারি স্পেশালাইজেশন কোর্স সম্পন্ন করেন এবং উভয় কোর্সে প্রথম স্থান অধিকার করেন। তিনি জার্মানি থেকে নেভাল স্টাফ কোর্স, দক্ষিণ কোরিয়ায় শিপ বিল্ডিং টেকনোলজি কোর্স, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও মাস্টার্স-ইন-ডিফেন্স স্টাডিজ এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল সম্পন্ন করেন এবং বর্তমানে বিইউপি’র অধীনে পিএইচডি করছেন। এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি ও ক্যাপস্টোন কোর্স সম্পন্ন করেন এবং যুক্তরাষ্ট্রের প্যাসেফিক কমান্ডের অধীনে ফ্লাগ অফিসার কম্পোনেন্ট কমান্ডার্স কোর্স সম্পন্ন করেন।