রাজশাহীতে ৪ মেয়র মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৫, ২০:০৯

 

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ও বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায় চার মেয়র প্রার্থীর মনোয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার তাদের মনোনয়নপত্র বাতিল হয়।

 

বাঘা উপজেলার রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, আড়ানী পৌরসভায় মনোনয়নপত্র বাতিল হওয়া তিন মেয়রপ্রার্থী হলেন, বর্তমান মেয়র নজরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মতিন ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ কলিন্স। হলফনামায় সই না থাকায় মেয়রপ্রার্থী নজরুল ইসলামের প্রার্থিতা বাতিল হয়েছে। অন্যদিকে ১০০ ভোটারের সইযুক্ত আইডি কার্ডের ফটোকপি না দেওয়ায় আবদুল মতিন ও মাসুদ পারভেজ কলিন্সের প্রার্থিতা বাতিল হয়েছে।

 

তিনজনের প্রার্থিতা বাতিল হওয়ায় বর্তমানে নির্বাচনে টিকে থাকা তিনজন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী মুক্তার আলী, বিএনপি থেকে মোজাম্মেল হোসেন ও জাসদের (ইনু) জিয়াউল হক জুয়েল।

 

অন্যদিকে বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার শাহিনুল ইসলাম শাহিন নামে এক মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শাহিন ভবানীগঞ্জ পৌর যুবদলের সভাপতি ও বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছিলেন।