বিএসএমএমইউয়ে শিশুর কিডনি রোগ প্রতিরোধে ডায়ালাইসিস কর্মশালা

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২২:১২

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু কিডনি সপ্তাহ-২০১৯ ও ডায়ালাইসিস কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের শহীদ ডা. মিলন হলে এ কর্মশালার উদ্বোধন করেন। এবারে শিশু কিডনি দিবসের প্রতিপাদ্য হলো ‘সুস্থ কিডনি সবার জন্য, সর্বত্র’। এ সময় উপাচার্য বলেন, এ ধরনের কর্মশালা তরুণ চিকিত্সকদের মাঝে শিশু কিডনি রোগ বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাথে সাথে শিশু কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও শিশু কিডনি রোগীদের চিকিত্সাসেবার প্রসারেও বিশেষ ভূমিকা পালন করবে। শিশু কিডনি সপ্তাহ উপলক্ষে ‘আপনার শিশুর কিডনি সুস্থ আছে তো, আসুন আজই আপনার শিশুর কিডনির সুস্থতা পরীক্ষা করে নিন এবং শিশুর কিডনি রোগ প্রতিরোধ করুন’ বার্তায় ফ্রি ক্লিনিকের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম বিশেষ অতিথি ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি