ইত্তেফাক রিপোর্ট
জাতীয় সংসদে গতকাল রবিবার মাইক বিভ্রাটের ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর বক্তব্যের সময় এই ঘটনা ঘটে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন চলাকালে বক্তব্য রাখছিলেন খসরু। বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে হঠাত্ তার মাইক বন্ধ হয়ে যায়। খসরু বারবার তার মাইকের সুইচ টিপছিলেন, কিন্তু শব্দ হচ্ছিল না। কয়েক সেকেন্ড এ ঘটনা চলতে থাকায় স্পিকার বলেন, পাশের কারও মাইক চালু আছে কিনা। কিছুক্ষণ পর নিজ আসনে বসা প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা নিজের মাইক ওপেন করে বলেন, ‘আমারটা ঠিক আছে’। প্রায় ৩ মিনিট পর খসরুর মাইক চালু হয়।
