নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে ফখরুলের সংশয়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৪:০২
 
আসন্ন পৌর নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নিজকক্ষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
 
মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন প্রথম থেকে যে ভূমিকা পালন করছে, তা নিরপেক্ষ নয়। তারা পুরোপুরিভাবে দলীয় ভূমিকা পালন করছে। সেক্ষেত্রে পৌর নির্বাচন কতোটা নিরপেক্ষ হবে, কতোটা অবাধ হবে- এটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে।
 
বিএনপির এই নেতার অভিযোগ, নির্বাচন কমিশন তাড়াহুড়ো করে যথেষ্ট সময় না দিয়ে নির্বাচনের বিধি তৈরি করায় সব দলের পক্ষে ভোটের প্রস্তুতি নেয়া সম্ভব হয়নি। এটা আবারো প্রমাণ করেছে যে নির্বাচন কমিশন দলীয় নির্দেশ পালন করছে।