ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৯:০৩

 

ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে প্রক্টর অফিসে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

ইবির প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ভর্তি পরীক্ষায় তথ্য গোপন করার অপরাধে বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্র শরিফুল ইসলামকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনায় বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র সাজ্জাদ আহম্মেদ এবং গণিত বিভাগের রিপন আলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে মারধর করার ঘটনায় ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহজাহান কবির সোহেলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

এদিকে, সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না -এ মর্মে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. কামাল উদ্দিনকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- গণিত বিভাগের শিক্ষক ড. মিজানুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার নুরুল ইসলাম।

 

কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।