ক্রিকেট খেলায় দ্বন্দ্বে প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২২:৩৩

কুমিল্লায় ক্রিকেট খেলায় দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ব্যাটের আঘাতে আহত সাজ্জাদুল ইসলাম ওরফে অনিক (১৫) নামের এক স্কুলছাত্র চিকিত্সাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছে। সে কুমিল্লা নগরীর ২০নং ওয়ার্ডের দিশাবন্দ পশ্চিমপাড়া এলাকার প্রবাসী শফিকুল ইসলামের ছেলে এবং নগরীর নেউরা এমআই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। গত শুক্রবার অনিকের বাড়ির অদূরে একটি মাঠে এ ঘটনা ঘটে। শনিবার রাতে সে মারা যায়।

এ ঘটনায় গতকাল রবিবার দিশাবন্দ এলাকায় বিক্ষোভ করেছে অনিকের স্কুলের শিক্ষার্থীরা। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। এদিকে ঘটনার পর থেকে নগরীর উত্তর চর্থা এলাকার হুমায়ুন কবিরের ছেলে অভিযুক্ত ইউসুফ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ১২টার দিকে অনিক ও তার সহপাঠীরা দিশাবন্দ এলাকার একটি মাঠে ক্রিকেট খেলছিল। এসময় নো-বলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ইউসুফ ব্যাট দিয়ে অনিকের মাথায় একাধিক আঘাত করে। এতে সে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার কলাবাগান এলাকার গ্রিনভিউ নামের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে সে মারা যায়।

অনিক মারা যাওয়ার খবরে তার স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িত ইউসুফকে অবিলম্বে গ্রেফতারসহ বিচারের দাবি জানিয়ে নেউরা এমআই উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে। নিহতের বাড়িতে এলাকার লোকজনসহ শোকাহত স্বজনরা ভিড় জমায়। এসময় অনিকের মা ও স্বজনদের আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

কুমিল্লা সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ছিদ্দিকুর রহমান সুরুজ এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন-অর রশীদ জানান, স্কুলছাত্র মারা যাওয়ার বিষয়টি শুনেছি। পুলিশের একটি টিম নিহতের বাড়িতে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে এবং মরদেহ বাড়িতে আনা হলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।