শাবি ছাত্রলীগের সংঘর্ষে ভারপ্রাপ্ত প্রক্টরসহ আহত ১৫

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২২:৩৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান, সহকারী প্রক্টর আবু হেনা পহিল ও মাহাথির মোহাম্মদ বাপ্পী রয়েছেন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে কয়েক দফায় এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে জিয়া গ্রুপের সোহেল রানা, সাব্বির, মামুন শাহ ও সাখাওয়াত গ্রুপের আব্দুল বারী সজিব ও রেজাউল করিম তানভীরকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিকাল ৩টায় একাডেমিক ভবন বি’ এর পাশে শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন ও সিনিয়র নেতা মুশফিকুর রহমান ভূইয়া জিয়া সমর্থিত দু’গ্রুপের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এই ঘটনার জের ধরে বিকাল ৪টায় শাহপরান হলের সামনে কয়েক দফায় সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপে ভারপ্রাপ্ত প্রক্টর ও দুই সহকারী প্রক্টর আহত হন।

ভারপ্রাপ্ত প্রক্টর জাহিদ হাসান বলেন, ‘অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ঘটনায় জড়িতদের সনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’