সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৭

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৫, ১১:৩০
 
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ২৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের তিনকর্মী ও নিয়মিত মামলার ২৪ জন আসামি রয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় তিনজন, তালায় একজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে একজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় থানা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে ।