আনারের ভেতর ইয়াবা!

আপডেট : ১০ মার্চ ২০১৯, ২২:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের মেঘনা নিউ টাউন এলাকায় অভিযান চালিয়ে আনারের ভেতর থেকে আট হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুুলিশ। গতকাল রবিবার বিকেলে এসব ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, পুলিশ মেঘনা নিউ টাউন এলাকায় অভিযান চালায়। এ সময় কুমিল্লা থেকে আসা খুকি বেগম (৫৫) আমপাতা রেস্টুরেন্টের সামনে তার ধর্মের ছেলে শাহ আলমের জন্য একটি কালো রঙের ব্যাগ হাতে নিয়ে অপেক্ষা করছিল। শাহ আলম ওই ব্যাগ নিতে আসলে পুলিশ তাদের তল্লাশি করে দুটি আনার ফলের ভেতর চার হাজার ও চারটি প্যাকেটে মোড়ানোসহ মোট আট হাজার পিস ইয়াবা উদ্ধার করে। খুকি কুমিল্লা সদর দক্ষিণ থানার জাম্মুরা গ্রামের ফজলুল হকের স্ত্রী ও শাহ আলম সোনারগাঁ উপজেলার বৈদ্যোরবাজার পঞ্চবটি গ্রামের বাসিন্দা। শাহ আলম দুটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি।