বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয়ের কারণে দেশে ৩৪ শতাংশ জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। ওই জীববৈচিত্র্যের প্রায় ১৮ শতাংশ আজও আমাদের অজানা। দেশীয় জীববৈচিত্র্য সম্পর্কে ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে ১ হাজার ৭শ প্রাণীর তালিকা প্রকাশ করবে আন্তর্জাতিক জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা (আইইউসিএন)।
গতকাল সোমবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা জানান সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমদ। মাত্স্যবিজ্ঞান অনুষদ ও আইইউসিএন-এর যৌথ উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে ওই কর্মশালার আয়োজন করা হয়।
মাত্স্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি বাংলাদেশ বনবিভাগের প্রকল্প পরিচালক মো. আকবর হোসেন। কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন আইইউসিএন-এর ক্রাস্টাসিয়ান গ্রুপ প্রধান অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন।
