আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, জাতীয় চার নেতা জীবন দিয়ে গেছেন, তবুও বঙ্গবন্ধুর রক্তের সঙ্গে বেঈমানী করেননি। অনেক পাহাড়, সঙ্কট পাড়ি দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে আজকের এই অবস্থায় এনেছেন। ১৫ আগস্টের খুনীরা বিরোধী দলের চেয়ারে বসেছিল, এটা ভুললে হবে না। ওয়ান ইলেভেনের একজন কুশিলব আজকের সংসদে বসে আছেন।
গতকাল রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া এখন জেলে আছে। বিরোধী দল বিহীন বাংলাদেশ কেউ চায় না। বিএনপির ভুল রাজনীতির কারণে তাদের আজকের এই অবস্থা। পাপ করেছেন, পাপের প্রায়শ্চিত্র করতেই হবে।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১০ বছর ক্ষমতায় ছিলেন বলেই দেশের এতো উন্নয়ন হয়েছে। এ কারণে দেশের জনগণ আবারও শেখ হাসিনার পক্ষেই গণরায় দিয়েছেন। তাই আমাদের সামনে চ্যালেঞ্জ দারিদ্র্যতা দূরীকরণ, জঙ্গি-সন্ত্রাস দমন, শিশু ও নারী নির্যাতন বন্ধ করতে হবে। সুশাসনের পাশাপাশি কঠোর শাসনের মাধ্যমে সন্ত্রাসী, জঙ্গি, মাদক ও শিশু নির্যাতনকারীদের দমন করতে হবে। তিনি বলেন, পুরান ঢাকা থেকে অবশ্যই কেমিক্যাল গোডাউন সরাতে হবে। বিএনপি-জামায়াতের চক্রান্ত এবং অতিভক্তিকে ভয় পাই। এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, অনেকে আমাদের চেয়েও বড় আওয়ামী লীগ হয়ে গেছে। এটাই আমাদের ভয়। এ ব্যাপারে সবাইকে সাবধান থাকতে হবে।
