রাজধানীর ধানমন্ডিতে একটি বাসার রান্নাঘর থেকে অনুপা বেগম (৫৫) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি পাবনার নাজিরপুরে।
ধানমন্ডি থানার ওসি নূরে আজম জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ধানমন্ডির চার নম্বর সড়কের সালাহ উদ্দিন নামের এক ব্যবসায়ীর বাসা থেকে অনুপার লাশ উদ্ধার করা হয়। অনুপা গলায় কাপড় পেঁচিয়ে রান্নাঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে মনে হচ্ছে।
ওই বাসার সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, অনুপার মানসিক সমস্যা ছিল। চার মাস আগে সালাহ উদ্দিনের বাসায় কাজ নিয়েছিলেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
