রাজধানীর হাজারীবাগে একটি মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন, ফরিদ মিয়া (৩২), সাইফুল (২৮) ও রুহুল আমিন (২৫)।
মঙ্গলবার দুপুরে গজমহল এলাকার আলী ট্রেডার্স নামের মুদি দোকানটিতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন। দগ্ধ ফরিদ ওই দোকানের মালিক। সাইফুল ও রুহুল ওয়েল্ডিং মিস্ত্রী।
আহতরা জানান, বেলা দেড়টার দিকে ওই দোকানে ওয়েল্ডিং এর কাজ চলছিল। হঠাত্ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তিনজন অগ্নিদগ্ধ হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক বার্ন ইউনিটে নিয়ে যান।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত ফরিদ ও সাইফুলের মুখে, হাতে ও গলায় বেশকিছু জায়গা পুড়ে গেছে। রুহুলের পিঠের নিচে ঝলসে গেছে। ফরিদের শরীরের ১৮ শতাংশ, সাইফুল ইসলামের ২৭ শতাংশ ও রুহুল আমিনের ৪ শতাংশ পুড়ে গেছে।
