গাজীপুরে গার্মেন্টের লুট হওয়া মালামাল উদ্ধার গ্রেফতার ৪

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:১০

গাজীপুরের একটি পোশাক কারখানার মালামাল লুটের ঘটনায় চারজনকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে বাসন থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার হরিনাচালা পারিজাত এলাকার আ. রহিমের ছেলে বাবুল হোসেন, ঝালকাঠির নলছিটি থানার হদুয়া এলাকার এনামুল হকের ছেলে আল আমিন, আল আমিনের বাবা (স্থানীয় মৌজালী খানের ছেলে) এনামুল হক এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার পূর্ব বাসাইল এলাকার আজিজুর রহমানের ছেলে শাহ আলম।

বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম বন্দর  থেকে একটি ট্রান্সপোর্ট কোম্পানির কাভার্ড ভ্যান গার্মেন্টের ২৫ লাখ টাকা মূল্যের ২৫৩টি ফেব্রিক্সের রোল গাজীপুরের মাওনা এলাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে কাভার্ড ভ্যানের চালক মোঃ উজ্জ্বল হোসেন ও কাভার্ড ভ্যান মালিক মোঃ নাজমুল হাসান ওসি মুক্তার হোসেনকে মোবাইল ফোনে জানায় যে, কাভার্ড ভ্যানের হেলপার পলাশ মণ্ডল ভ্যানচালক মোঃ উজ্জ্বল হোসেনকে সেভেনআপের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে এবং চালককে রাস্তার পাশে বাসন থানাধীন নাওজোড় নামক স্থানে ফেলে রেখে হেলপার পলাশ মালামালসহ কাভার্ড ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ক্যাভার্ড ভ্যানের মালিক গত ৫ মার্চ থানায় মামলা দায়ের করেন। পরে বাসন থানার পুলিশ গত ৭ মার্চ রাতে কালিয়াকৈর থেকে পরিত্যক্ত অবস্থায় খালি কাভার্ড ভ্যানটি উদ্ধার করে। পরে প্রযুক্তি ব্যবহার করে ছিনতাইকারী ও মামলার আসামি বাবুল ও এনামুলকে কোনাবাড়ী থেকে গ্রেফতার করে বাসন থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা জানায়, তারা ওই মালামাল ঢাকার কোতোয়ালি থানার ইউনুছ ম্যানশন চিত্তরঞ্জন এভিনিউ সদরঘাট এলাকায় রুজী এন্টারপ্রাইজের মালিক আব্দুস সালামের কাছে বিক্রি করে দেয়। পরে গত শনিবার আব্দুস সালামের গোডাউনের সামনে থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে বাসন থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।