দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস-জঙ্গিবাদের চ্যালেঞ্জ রয়েছে : প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৫, ২০:০২

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ গরিব ও অপুষ্ট মানুষের বাস। এই অঞ্চলে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, সহিংস উগ্রবাদ, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক বিপর্যয়ের চ্যালেঞ্জ রয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ইন্সস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিস (বিস) মিলনায়তনে ৩০ বছরে সার্ক : অর্জন, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে কম সমন্বিত অঞ্চল। এই অঞ্চলে ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ব্যাপক অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। ২০৫০ সালের মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে  বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ৫০ শতাংশ অর্জিত হবে। কিন্তু দক্ষিণ এশিয়ার সামনে বিরাট চ্যালেঞ্জ রয়েছে। সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ  মোকাবেলা করতে হবে।

তিনি আরো বলেন, বৈশ্বিক প্রেক্ষিত এক অভাবনীয় পরিবর্তনের দিকে যাচ্ছে। বিশেষ করে ব্যবসা ও বাণিজ্য ক্ষেত্রে কানেকটিভিটি জোরদার করা প্রয়োজন। এক সঙ্গে কাজ করে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। খাদ্য, জ্বালানী ও অর্থের সরবরাহ নিশ্চিত করতে হবে।


বিস-এর চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন মহাপরিচালক মেজর জেনারেল এ  কে এম আব্দুর রহমান।