সুন্দরবনকে রক্ষায় বনের সংরক্ষিত অঞ্চলের মধ্য দিয়ে বাণিজ্যিক নৌপরিবহন বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী। সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির একবছর পূর্তিতে মঙ্গলবার এক আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।
তেলবাহী জাহাজডুবি ও পরবর্তী পর্যালোচনা বিষয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বনবিভাগ এবং ম্যানগ্রোভ ফর ফিউচার এ সভার আয়োজন করে। ২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের অভ্যন্তরে শ্যালা নদীতে তেলবাহী জাহাজ ডুবে যায়। দেশ-বিদেশে এ দুর্ঘটনা আলোড়ন তুলে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান বন সংরক্ষক বলেন, সুন্দরবনের জীববৈচিত্রের ধরণ এবং এর ইক্যোসিস্টেম এ বনকে পৃথিবীর অন্যান্য বন থেকে আলাদা করেছে। এ বন শুধু বাংলাদেশের নয় সারা পৃথিবীর জন্যই গুরুত্বপূর্ণ সম্পদ। তাই এ বনকে রক্ষায় সমন্বিত পরিকল্পনার মাধ্যমে কাজ করতে হবে।
তিনি বলেন, গত ডিসেম্বরের তেলবাহী ট্যাংকারডুবির ঘটনা সুন্দরবনে জন্য হুমকি স্বরূপ। এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সুন্দরবন ইতোমধ্যেই প্রাকৃতিকভাবেই তার সঙ্কট কাটিয়ে উঠছে। এখনই বনের সংরক্ষিত অঞ্চল দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। তা না হলে এ ধরনের দুর্ঘটনা কিংবা এর থেকে ভয়াবহ দুর্ঘটনা ভবিষ্যতে আরো ঘটতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম বলেন, কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও পরিবেশ ও বন মন্ত্রণালয়, মংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, বাংলাদেশ নৌবাহিনী এবং স্থানীয় সাধারণ মানুষের আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়ে খুব ভালোভাবে এই দুর্যোগ কাটিয়ে ওঠা গেছে।
