কমনওয়েলথের সমষ্টিগত মূল্যবোধের কারণে কোটি মানুষ আজ একত্রিত

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:২৫

আজ বিশ্বব্যাপী লক্ষ কোটি মানুষ কমনওয়েলথের সমষ্টিগত মূল্যবোধের কারণে একত্রিত। কমনওয়েলথের লক্ষ্য আমাদের মাঝে আশার সঞ্চার করে এবং এই পৃথিবী ও মানুষকে সুরক্ষিত রাখার উপায় খুঁজে বের করতে অনুপ্রাণিত করে। আজ ১১ মার্চ কমনওয়েলথ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ব্রিটেনের রানি এলিজাবেথ এ কথা বলেছেন। 

তিনি বলেন, এই কমনওয়েলথ দিবস বিশেষ গুরুত্ব বহন করে কারণ আমরা এই বছর লন্ডন ঘোষণাপত্রের ৭০তম বার্ষিকী উদযাপন করছি। ৭০ বছর আগে এই দিনে কমনওয়েলথের দেশগুলো স্বাধীন এবং পরস্পর সমান সদস্য হিসেবে একত্রিতভাবে এগিয়ে যেতে সম্মত হয়েছিল। পারস্পরিক সংযোগবোধের লক্ষ্য লন্ডন ঘোষণাপত্রের স্বাক্ষরকারীদের দীর্ঘ সময় ধরে অনুপ্রাণিত করেছে এবং সমসাময়িক প্রয়োজনগুলোকে গ্রহণ করে কমনওয়েলথ ক্রমান্বয়ে এগিয়ে চলেছে। রানি এলিজাবেথ বলেন, এই কমনওয়েলথ দিবসে আমি আশা করি যে, আরো অনেকেই কমনওয়েলথের অংশ হিসেবে নিজেদের প্রকাশ করার প্রত্যয়ে এগিয়ে আসবে।

এদিকে কমনওয়েলথ দিবস উপলক্ষে কমনওয়েলথ সোসাইটি অব বাংলাদেশ আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী ক্লাবে একটি সেমিনারের আয়োজন করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এতে প্রধান অতিথি থাকবেন। সোসাইটির সভাপতি সাবেক সচিব এম মোকাম্মেল হক সেমিনারে সভাপতিত্ব করবেন।