রাতে ব্যালটে সিল মারা প্রসঙ্গে

সিইসির খণ্ডিত বক্তব্য নিয়ে বিতর্কের যৌক্তিকতা নেই :হানিফ

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০০:২৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনী অনিয়মের অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্য ইভিএম পদ্ধতি ব্যবহার যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেছেন। তার বক্তব্যের একটা খণ্ডিত অংশ নিয়ে অহেতুক বিতর্ক করার কোন যৌক্তিকতা নেই। সেটা নিয়ে বিভ্রান্ত হওয়ারও কোন কারণ নেই। গতকাল রবিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাতে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভরা তথা মিডনাইট ভোট নিয়ে সিইসি’র বক্তব্য প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে হানিফ আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যটা সঠিকভাবে উত্থাপন হয়েছে কিনা আমরা জানি না। একটা খণ্ডিত অংশ নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের দেশে প্রতিটি নির্বাচনের পরেই পরাজিত দল এবং পরাজিত প্রার্থী নির্বাচন নিয়ে অভিযোগ করেন। তাই ইভিএম পদ্ধতি যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু আর ব্যালটের সংশ্লিষ্টতা থাকে না। ব্যালট নিয়ে প্রার্থী বা দলের যে অভিযোগ সেটার যৌক্তিকতা থাকে না। প্রধান নির্বাচন কমিশনার হয়তো এই সমস্ত অভিযোগ থেকে মুক্ত হওয়ার জন্যই ইভিএম পদ্ধতির ব্যবহার যৌক্তিক বলে তুলে ধরার চেষ্টা করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ প্রসঙ্গে হানিফ বলেন, সংসদ সদস্যরা তাদের আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় নির্বাচন প্রক্রিয়ার ওখানে উপস্থিত হওয়ার কারণেই কিন্তু নির্বাচন কমিশন ওই এলাকার নির্বাচন স্থগিত করেছে। এটার মধ্য দিয়ে নির্বাচন কমিশন আবারও প্রমাণ করেছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তারা বদ্ধপরিকর। চিকিত্সাধীন ওবায়দুল কাদের দ্রুত আরোগ্য লাভ করে দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করে হানিফ বলেন, আশা করি দুই/তিন সপ্তাহের মধ্যে পরিপূর্ণ সুস্থ অবস্থায় তিনি দেশে ফিরে আসবেন।