রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, স্কাউট আন্দোলন শিশু কিশোরদের চারিত্রিক গুণাবলী বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। লেখাপড়ার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করার মানসিকতা তৈরিতে স্কাউটিংয়ের ভূমিকা অনন্য। স্কাউটরা নিয়মিত সমাজসেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরো সুন্দর করে গড়ে তুলতে স্কাউটরা রাখতে পারে অগ্রণী ভূমিকা। বিশেষ করে শিশু কিশোর ও যুবাদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িতকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে নিরাপদ এবং দূরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে। স্কাউটিংই পারে ভবিষ্যত্ প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল করে গড়ে তুলতে। তিনি গতকাল রবিবার গাজীপুরের মৌচাকে ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো জাম্বুরির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে। সরকারের যুগোপযোগী পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ফলে বাংলাদেশ ইতোমধ্যে নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। পেয়েছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার স্বীকৃতি। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নতুন প্রজন্মকে দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বাংলাদেশের চলমান অগ্রযাত্রায় নেতৃত্বদানের জন্য আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করতে আমি স্কাউট নেতৃবৃন্দের প্রতি আহবান জানাই। স্কাউটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, তোমাদের এ সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে আরো বিস্তৃতি লাভ করবে বলে আমি আশা করি। তোমাদের অবস্থান হবে মাদকের ও জঙ্গিবাদের বিরুদ্ধে। অন্তরে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমে দেশের মানুষের প্রতি মমত্ববোধ সব সময় জাগ্রত রাখতে হবে। নিজেরা ভালো কাজ করবে এবং অন্যদেরকেও ভালো কাজে অংশগ্রহণের আহবান জানাবে। আগামী দিনে তোমরাই বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমরাই জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। এ জন্য তোমাদের যোগ্য ও দক্ষ হয়ে উঠতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ, জাম্বুরি চিফ ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান, জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি আখতারুজ জামান খান কবির প্রমুখ। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চিফ স্কাউট স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন।
