দুর্নীতিবিরোধী দিবস সরকারিভাবে উদযাপনের আহ্বান টিআইবির

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ১৯:২১
 
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে প্রতিবছর সরকারিভাবে উদযাপনের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ৯ ডিসেম্বর বুধবার দিবসটি উদযাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী মানববন্ধনে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
 
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক আলমগীর হোসেন, টিআইবির সদস্য ডা. নুরুল ইসলামসহ টিআইবির অনুপ্রেরণায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, টিআইবি কর্মী, সমমনা সংগঠনের প্রতিনিধি ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
 
ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে এখনো দুর্নীতিবিরোধী নানা আইনি কাঠামো ও নীতিমালার বাস্তবায়নে আমরা পিছিয়ে আছি। এসব আইনি কাঠামো, নীতিমালা ও দুর্নীতিবিরোধী কৌশলগুলোর সঠিক বাস্তবায়নই আমাদের জন্য চ্যালেঞ্জ।
 
তিনি আরো বলেন, আমরা দুর্নীতি দমন কমিশনকেও আরো বেশি সক্রিয় ও কার্যকর ভূমিকায় দেখতে চাই। কারণ এখনো দুর্নীতি দমন কমিশনের কার্যকরিতার বিষয়ে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।
 
উল্লেখ্য, দুর্নীতিকে বৈশ্বিক সমস্যা হিসেবে চিহ্নিত করে এর নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সক্রিয় এবং কার্যকর কর্মপন্থা নির্ণয়ে জাতিসংঘের উদ্যোগে ২০০৩ সালের ৩১ অক্টোবর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ গৃহীত হয়। একই বছরের ৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণকারী ১২৯টি দেশের মধ্যে ৮৭টি দেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদে স্বাক্ষর করে। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ও বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদার করার লক্ষ্যে জনসচেতনতা তৈরিতে জাতিসংঘের পক্ষ থেকে প্রতি বছর ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়া হয়।
 

‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই’ এই প্রতিপাদ্যে প্রতিবছরের মতো এবারও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছে টিআইবি। দিবসটি উদযাপনে এ বছর টিআইবি আয়োজিত কর্মসূচিগুলোর মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার প্রদান ও আলোচনা অনুষ্ঠান, দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য।