জাবিতে প্রজাপতি মেলা শুক্রবার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৫, ২৩:০৩

 

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগানে আগামী শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০১৫’।

 

বুধবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক অধ্যাপক মনোয়ার  হোসেন তুহিন।

 

লিখিত বক্তব্যে তিনি জানান, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় মেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। এবারের মেলায় ৩ একর জায়গা জুড়ে নির্মিত ‘বাটারফ্লাই বিডিং সেন্টার অ্যান্ড পার্ক’ এর উদ্বোধন করা হবে।

 

এ ছাড়া দিনব্যাপী মেলার অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে শিশু-কিশোরদের জন্য প্রজাপতি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রজাপতির হাট দর্শন (জীবন্ত প্রজাপতি প্রদর্শন), বারোয়ারি বিতর্ক (প্রজাপতি ও জলবায়ু পরিবর্তন), প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

 

প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারো মেলায় সার্বিক সহযোগিতায় রয়েছে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।