বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জের আওলাদ ডক ইয়ার্ডের সামনে থেকে গতকাল রবিবার সকালে আরো একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি বৃহস্পতিবার গভীর রাতে নৌকাডুবিতে নিখোঁজ শাহ জালালের স্ত্রী শাহিদার বলে শনাক্ত করেছেন স্বজনরা। এনিয়ে নৌকাডুবিতে নিখোঁজ থাকা শাহ জালালের পরিবারের ৫ সদস্যের মৃতদেহই উদ্ধার হলো। ঢাকা সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোস্তফা মহসিন জানান, গত শুক্রবার দুপুরে ওই পরিবারের জামসেদা, শনিবার মিম, মাহি দেলোয়ার হোসেন ও তার শিশু সন্তান জোনায়েদকে উদ্ধার করা হয়। সর্বশেষ শাহিদার মৃতদেহ উদ্ধার হওয়ার পর টানা চারদিনের এই উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে রবিবার বিকালে শাহিদার মৃতদেহ ঢাকা থেকে শরিয়তপুর পাঠনো হয়। দাফনের জন্য ঢাকা জেলা প্রশাসন থেকে নিহতদের স্বজনদের কাছে ১ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। জেলার দক্ষিণ তারাবুনিয়ায় পরিবারিক কবরস্থানে গতকাল জানাজা শেষে ৫ জনকে দাফন করা হয় বলে জানা গেছে।
প্রসঙ্গত, এমভি সুরভী নামের একটি লঞ্চের ধাক্কায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে। এসময় লঞ্চের পাখার আঘাতে পেশায় দর্জি শাহ জালালের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ হয় তার পরিবারের ৫ সদস্য। এ ঘটনায় বিআইডব্লিউটিএর তদন্ত কমিটির গতকাল মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
