মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির বিদ্রোহীদের হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার রাতে এই হামলা হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইয়ো তা ইয়োকে গ্রামে পুলিশের চৌকিতে হামলার সময় গ্রামবাসী ব্যাপক গুলির শব্দ শুনতে পায়। মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় তাদের ফেসবুক পেজে জানিয়েছে, হামলায় নয় পুলিশ নিহত হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। আরাকান আর্মির ৬০ জনের মতো সদস্য এ হামলায় অংশ নেয় বলে জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার পর খোয়া গেছে পুলিশের বেশ কিছু অস্ত্র। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। গত জানুয়ারিতে আরাকান আর্মির চালানো একই ধরনের হামলায় ১৩ পুলিশ নিহত হয়। এরপর রাখাইনে নতুন করে অভিযান জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। পুলিশের সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষে পাঁচ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের নামে চালানো নিধনযজ্ঞের মুখে বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয় সাত লাখের বেশি রোহিঙ্গা।
