আগামী ১১ এপ্রিল থেকে শুরু হওয়া লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি ভোটারদের আকৃষ্ট করতে সমপ্রতি পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর হামলা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাইলট অভিনন্দন বর্তমানসহ বিভিন্ন ব্যক্তির ছবি দিয়ে শাড়ি বাজারজাত করছে। জয়পুরের বিজেপির সদরদপ্তরে রবিবার ওই শাড়ি বাজারে ছাড়ার কথা। বিজেপির ‘ক্রিয়েটিভ’ দলের প্রধান আশিস জেইন বলেন, তারা নির্বাচনকে সামনে রেখে সুরাতের মিল রেখে দুই ধরনের ডিজাইনের শাড়ি তৈরি করেছে।
শাড়িতে জাফরান এবং সবুজ রংয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহ, এবং আরো অন্য নেতাদের ছবি বিভিন্ন আঙ্গিকে দেওয়া আছে। এছাড়া শাড়ির মধ্যে রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের ছবিও ডিজিটালভাবে প্রিন্ট করা হয়েছে। ওইসব শাড়ির ডিজিটাল প্রিন্টের মূল্য ধার্য করা হয়েছে ভারতীয় মুদ্রায় ৬৫০ টাকা এবং প্লেইন শাড়ি ১৫০ টাকা। -হিন্দুস্তান টাইমস
