রাজধানীর নারিন্দায় একটি মেসে বাইরে থেকে তালা আটকে আগুন দেয়ার ঘটনায় অগ্নিদগ্ধদের মধ্যে সুমন (৪০) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সুমনের মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
ভোরে নারিন্দা মোড়ের ‘হা-মীম’ রেস্তোরাঁর দ্বিতীয় তলার মেস বাড়িতে আরও দুজনের সঙ্গে দগ্ধ হন সুমন। পুলিশ বলছে, মেসের ওই ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়েছিল।
শাকিব ও শহীদুল নামের অপর দুইজনও বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
সুমনের বাড়ি মুন্সিগঞ্জে। ঢাকার ধোলাইখালে তার লেদ মেশিনের দোকান রয়েছে। শাকিব ও শহীদুলও ধোলাইখালে কাজ করেন।
ওয়ারী থানার ওসি জেহাদ হোসেন জানান, হা মীম রেস্তোরাঁর দ্বিতীয় তলায় কয়েকজন মোটরপার্টস শ্রমিক মেস ভাড়া করে থাকতেন। আগুনের ঘটনা ঘটলে চিৎকার শুনে স্থানীয়রা দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
