খাগড়াছড়ির রামগড় পৌর ভবনে বৃহস্পতিবার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ৮ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেনখাগাড়ছড়ি সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন পিএসসি। বিএসএফের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিএসএফের ত্রিপুরার উদয়পুর সেক্টরের ডিআইজি মি. কৈলাশ চান্দ।
বৈঠকে উপস্থিত ছিলেন রামগড়ের ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জাহিদুর রশিদ, ৫১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল কামাল আহমেদ, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ আহমেদ চৌধুরী, ৫৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জালাল উদ্দিন প্রমুখ।
বৈঠক সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি ও দক্ষিণ ত্রিপুরা সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ সীমান্ত পারাপারসহ সীমান্ত অপরাধ দমন প্রভৃতি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠক শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তবর্তী ফেনী নদী পার হয়ে বিএসএফের প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করে। রামগড় থানা ঘাটে বিজিবির খাগড়াছড়ির সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ হোসেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশে স্বাগত জানান।
