থাই রাজার বিকৃত ছবিতে ‘লাইক’ দিয়ে যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ২০:০৫

 

ফেসবুকে থাইল্যান্ডের রাজা ভুমিবল আদুলাদেজের বিকৃত একটি ছবিতে ‘লাইক’ দেয়া ও ‘শেয়ার’ করায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওই যুবকের নাম থানাকর্ন সিরিপাইবোন। থাইল্যান্ডের সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

 

রাজধানী ব্যাংককের অদূরে সামুত প্রাকান এলাকায় থানাকর্নের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৭ বছর বয়সী থানাকর্ন অটো-পার্টস কারখানার শ্রমিক।

 

থাই সেনাবাহিনীর আইন কর্মকর্তা কর্নেল বুরিন থংপ্রাপাই বলেন, তার (যুবক) বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, রাজ পরিবারের প্রতি অবমাননা ও কম্পিউটারের মাধ্যমে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।

 

২ ডিসেম্বর রাজার বিকৃত করা একটি ছবিতে ওই যুবক ‘লাইক’ দেন। বিকৃতি ছবিটি ৬০৮ জন বন্ধুর সঙ্গে ‘শেয়ার’ করেন। ওই যুবক অপরাধ স্বীকার করেছেন এবং এ জন্য তার ৩২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

 

থাইল্যান্ডের আইন অনুযায়ী রাজা ভুমিবল আদুলাদেজ ও রানি এবং তাদের উত্তরাধিকারী বা রাজপ্রতিনিধির সম্মানে আঘাত করলে প্রতিটি অপরাধের জন্য পৃথকভাবে ১৫ বছর করে কারাদণ্ড হবে।

 

এই যুবককে এমন সময় গ্রেপ্তার করা হলো যখন থাইল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে থাই রাজপরিবারকে অবমাননার অভিযোগের তদন্ত চলছে। গত মাসে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে ওই অভিযোগ উঠে। প্রিয়ডমকম