কুকুরের মাতৃত্ববোধ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৫, ২০:৪৬

 

পটুয়াখালী উপজেলার কলাপাড়ায় দুটি মেষ শাবককে দুগ্ধ পান করিয়ে বাঁচিয়ে রেখেছে একটি কুকুর। জন্মের মাত্র ২৪ ঘণ্টা পর মা মেষ মারা যাওয়ায় কুকুরের মাতৃত্বের এ বিরল দৃষ্টান্ত সবাইকে অবাক করেছে।

 

প্রতিদিন এ দৃশ্য দেখার জন্য উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ আমজেদ হোসেন হাওলাদারের ইটবাড়িয়া গ্রামের বাড়িতে ভিড় করছে শত শত মানুষ।

 

জানা গেছে, দু’সপ্তাহ আগে একটি মা মেষ দুটি বাচ্চা প্রসব করে। রাতে মা মেষটি মারা যায়। এর দু’মাস আগে ওই বাড়িতে একটি মা কুকুর তিনটি বাচ্চা প্রসব করে। কুকুরটির একটি বাচ্চা দুদিন পরে মারা যায়। মেষ শাবক দুটি যখন ক্ষুধায় কাতর তখন বাড়ির ওই কুকুরটি তাদের মায়ের আদরে আগলে রাখে। কুকুরটি এখন ওই মেষ শাবক দুটিকে তার দুধ পান করাচ্ছে।

 

গৃহকর্তা আমজেদ হোসেন হাওলাদার বলেন,  আমার ৬৫ বছর বয়সে আমি কখনো এমন ঘটনা  দেখিনি।  কুকুরটি নিজের বাচ্চাকে যেমন দুধ খাওয়াচ্ছে, তেমনি সময়মতো মেষ শাবক দুটিকেও  দুগ্ধ পান করিয়ে বাঁচিয়ে রাখছে।