বাস ব্রেক ফেল করে ফেরিতে, কৃষক লীগ নেতা নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৫, ১১:৫৩
 
পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার কৃষক লীগ সভাপতি আব্দুল হামিদ মুন্সি বাস চাপায় মারা গেছেন। শুক্রবার সকালে চরখালী-টগড়া রুটে মাত্রই নোঙর করা ফেরিতে একটি বাস ব্রেক ফেল করে উঠে গেলে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
 
নিহত আব্দুল হামিদ মুন্সি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দফতরের সহকারী কমান্ডার ছিলেন। তিনি পিরোজপুর জেলা আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেয়ার উদ্দেশে সকালে বাসা থেকে বের হন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
 
প্রত্যক্ষদর্শী ভাণ্ডারিয়া উপজেলার শিয়ালকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র বসু বলেন, ‘আব্দুল হামিদকে বহনকারী ফেরিটি পন্টুনে নোঙর করার সময় পন্টুনের পাশেই থাকা একটি বাস পেছনের দিকে উপরে ওঠার চেষ্টা করছিল। এ সময় বাসটি হঠাত্ ব্রেক ফেল করে মাত্রই নোঙর করা ফেরিতে এসে পড়ে। এতে আব্দুল হামিদ ঘটনাস্থলেই মারা যান। তার সঙ্গে থাকা অন্তত ১৫ জন আহত হন।
 

পুলিশ সূত্রে জানা গেছে, পরে পুলিশ লাশ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়।