বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে উপস্থাপিকার দায়িত্ব পালনের সময় কোনো এক ফাঁকে সিলেট সুপারস্টার্সের হয়ে খেলতে আসা পাকিস্তানি খেলোয়াড় শহিদ আফ্রিদির সাথে দেখা হয়ে যায় আমব্রিনের, সাথে সাথে তুলে ফেলেন সেলফি। এরপর আফ্রিদির সাথে সেই সেলফি আমব্রিন তার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন। একই সাথে জানান আফ্রিদিকে নিয়ে স্কুলজীবনে তার বিড়ম্বনার কথা।
ছবিটির ক্যাপশনে আমব্রিন লেখেন, ’স্কুলজীবন থেকেই আমি তার প্রেমে পড়েছি। তিনি আমার জীবনের প্রথম ক্রাশ, বিপিএলে এটাই আমার জন্য সেরা মুহূর্ত!’ আমব্রিন আরো লেখেন, ‘ভিকারুন্নেসায় পড়ার সময় একবার তার কারণে আরেকটু হলে স্কুল থেকে বহিষ্কৃত হতে যাচ্ছিলাম!’
ফেসবুকে তার এই ছবির নিচে ভক্তদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, বিজয়ের মাস ডিসেম্বরে একজন পাকিস্তানি ক্রিকেটারের সাথে এমন ছবি কাম্য নয় বলে মন্তব্য করেছেন তারা। একই সাথে অনেকেই আবার একজন ক্রিকেটারের সাথে এমন ছবিকে খুব স্বাভাবিক দৃষ্টিতেই দেখছেন। আর যাবতীয় নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে নতুন আরেকটি পোস্টে সমালোচনাকারীদের এক হাত নিয়েছেন আমব্রিন! প্রিয়ডটকম।
