সুবিধাবঞ্চিতদের পক্ষে বিনা পয়সায় মাসে অন্তত একটি মামলা লড়ার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এখানে যারা আইনজীবী আছে, আপনাদের কাছে আবেদন করব, আপনারা এই মহান পেশায় আছেন, শুধু ন্যায় বিচারের জন্য ক্লায়েন্টদের পাশে গিয়ে দাঁড়াবেন। তা ছাড়া সমাজের নিপীড়িত যারা আইনজীবী দিতে পারে না, তাদের পাশে গিয়ে দাঁড়ান। মাসে অন্তত একটি মামলা করেন বিনা পয়সায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি (রুলা) সম্মেলন-২০১৫ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধান বিচারপতি সিনহা।
সম্মেলন ব্যবস্থাপনা পরিষদের আহ্বায়ক আইনজীবী মো. রবিউল আলম বুদুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে হাই কোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলন ব্যবস্থাপনা পরিষদের সদস্য সচিব মো. মিনহাদুজ্জামান লীটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে রুলার সাবেক সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এম বদরুদ্দোজা বাদল, রুলার সাবেক সভাপতি আব্দুস সবুর ও বিদায়ী সভাপতি কামরুজ্জামান কচি বক্তব্য দেন।
উদ্বোধনী পর্বের শেষ পর্যায়ে এক বছর মেয়াদী নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।
সভাপতি হিসেবে ছয় মাস করে প্রথমে ফয়সাল হাসান আরফি ও পরে আমিনুল ইসলাম হেলাল দায়িত্ব পালন করবে বলে ঘোষণা দেওয়া হয়। সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয় জিয়াউল ইসলাম বাবুর নাম। বিডি।
