গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মাস্টারকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর (দয়ারপাড়া) গ্রামের মহির উদ্দিনের ছেলে ও পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমির।
শুক্রবার বিকাল তিনটার দিকে পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের তাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, সম্প্রতি আবু তালেব মিয়ার বিরুদ্ধে নাশকতা মামলার চূড়ান্ত অভিযোগপত্রটি আদালত গ্রহণ করায় তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, তার বিরুদ্ধে নাশকতার ১৯ টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
