গাজীপুর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এ পুরকৌশল বিভাগের আয়োজনে ‘টেকসই উন্নয়নে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক উদ্ভাবন’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল এফসিএ।
মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা সমাজ পরিবর্তনের মাধ্যম। মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষকদের ক্লাসরুমের বাইরে সাধারণ মানুষের দ্বারে দ্বারে উন্নয়ন বার্তা পৌছে দিতে হবে। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আমাদের নিজ নিজ অবস্থান থেকে দেশের জন্য কাজ করে যেতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলাউদ্দিন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এসএম আতিকুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া। আয়োজক কমিটির সম্পাদক ড. মো. রেজাউল করিম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান কিরণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার অধ্যাপক ড. মোহাম্মদ ফৌজি মোহা. জেয়িন এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএমএম সফিউল্লাহ।
অনুষ্ঠানে দেশ বিদেশের বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেন।
