দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী না হওয়ায় পরিবার পরিজন নিয়ে অমানবিক জীবন যাপন করছেন দেশের ২২ হাজার মিটার রিডার ও মেসেঞ্জার।
তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জার ঐক্য পরিষদ।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনটি এ দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি জিয়া উদ্দিন বাবলু। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অজয় চন্দ্র, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশে চুক্তিভিত্তিক প্রায় ২২ হাজার মিটার রিডার ও মেসেঞ্জার রয়েছে। অথচ প্রধানমন্ত্রী বলেছেন স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কোনো কর্মচারী থাকবে না। প্রতিষ্ঠান থেকে তারা গ্রামে গঞ্জে বিদ্যুতের আলো পৌঁছে দেয়ার কাজ করলেও নিজেদের ভবিষ্যৎ অন্ধকার। প্রধানমন্ত্রী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী, শ্রমমন্ত্রী ও পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের কাছে তাদের চাকরি স্থায়ীকরণের দাবি করেন।
