পল্লবী থানা থেকে পালিয়ে গেল রিমান্ডের আসামি

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ০১:৫৭

রাজধানীর পল্লবী থানা থেকে গতকাল শুক্রবার রিমান্ডের এক আসামি পালিয়েছে। আসামির নাম আতিকুর রহমান সূর্য। এর আগে যৌন ব্যবসায় ও মানব পাচার মামলায় পুলিশ তাকে গত বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে নিয়েছিল।

 
মিরপুর বিভাগের উপ-কমিশনার কাইয়ুম-উজ-জামান জানিয়েছেন, এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পল্লবী থানার এসআই জিল্লুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।
 
এদিকে পল্লবী থানার অফিসার ওসি দাদন ফকির দাবি করেন, আসামি থানা হাজত থেকে পালায়নি। মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর জিল্লুর রহমানের কাছ থেকে পালিয়েছে।
 

তিনি আরো জানান, নারীদের আটকে রেখে যৌনকর্মী হিসেবে কাজ করতে বাধ্য করাসহ মানব পাচারের ঘটনায় চলতি মাসে দায়ের করা এক মামলার আসামি ছিল সূর্য। গত বুধবার পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। গতকাল ছিল রিমান্ডের প্রথম দিন। সকাল সাড়ে ৮টার দিকে তদন্ত কর্মকর্তা এসআই জিল্লুর তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হাজত থেকে বের করে নিজ হেফাজতে নেয়। এরপর এসআই জিল্লুর রহমান শৌচাগারে যান। আর এ সুযোগে আসামি সুকৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।