প্যারিসে জলবায়ু চুক্তির খসড়ায় সম্মত বিশ্বনেতারা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ১৯:৪৯
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের চূড়ান্ত চুক্তির খসড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। শনিবার সম্মেলনের সংগঠকদের বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। 
 
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যঁরা ফ্যাবিয়াসের দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, ১০টা ৩০ জিএমটিতে খসড়াটি সম্মেলনে অংশগ্রহণকারী মন্ত্রীদের কাছে উপস্থাপন করা হতে পারে। ‍
 
শেষ খবর পাওয়া পর্যন্ত খসড়ার সমঝোতা হওয়া বিষয়গুলোর ব্যাপারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
 
প্রায় ১৬ ঘণ্টা টানা আলোচনার পর খসড়া চুক্তির বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। 
 
সংবাদমাধ্যম জানায়, খসড়া চুক্তির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছার পর এখন তা জাতিসংঘের ছয়টি অফিসিয়াল ভাষায় অনুবাদ করা হচ্ছে। 
 
প্যারিসে সম্মেলনে চুক্তি সই হলে তা ২০২০ সাল থেকে কার্যকর হবে। সংগ্রহ করা হবে ফান্ড, সেই ফান্ড ব্যয় হবে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জীবন-মান উন্নয়নে। 
 
এর আগে গত ৩০ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২১) শুরু হয়। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, তা ১১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।