ফোর-জি এলটিই সম্প্রসারণে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ ওলোর

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২২:১৮

ঢাকার বাইরে এলটিই নেটওয়ার্কের মাধ্যমে উচ্চ গতিতে তথ্য প্রদান করতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ওলো ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছে।


ওলো’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইগর গ্রেকোভিচ এক একান্ত সাক্ষাতকারে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)কে বলেন, আমরা ইতোমধ্যে ১০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছি এবং শিগগিরই ঢাকার বাইরে বসবাসকারী লোকদের সেবা দিতে ফোর-জি এলটিই নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য আরো ২০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করার পরিকল্পনা গ্রহণ করেছি।


তিনি বলেন, এই খাতে বিনিয়োগের জন্য পরিবেশ নিশ্চিত করা হলে তারা তথ্য সেবা বিবর্তণের জন্য এদেশে আরও বিনিয়োগ করতে চান।


তিনি জানান, প্রতিটি গ্রাহকের অবকাঠামো উন্নয়নের জন্য এই ১০০ মিলিয়ন মার্কিন ডলার তারা বিনিয়োগ করেছে।


ওলো’র সিইও জানান, এলটিই নেটওয়ার্কের মাধ্যমে উচ্চগতিতে সবচেয়ে উন্নত তথ্য সেবা পাচ্ছেন- সিলেট, গোপালগঞ্জ, যশোর, মৌলভীবাজার ও ময়মনসিংহ জেলা এলাকার গ্রাহকরা।


ইগর বলেন, আমরা ইতোমধ্যে গোপালগঞ্জ ও যশোরের গ্রাহকদের কাছ থেকে ভীষণ প্রতিক্রিয়া পেয়েছি এবং আমরা অন্যান্য এলাকা থেকেও তা পাবো বলে আশা করি।
 

ওলো’র ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে ইগর বলেন, পরবর্তীতে রংপুর, বরিশাল, হবিগঞ্জ এবং ২০১৬ সালের মধ্যে দেশের অন্যান্য প্রধান প্রধান এলাকাগুলোতে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হবে।


তিনি বলেন, আমরা আগামী মার্চের মধ্যে ঢাকার কাজ শেষ করে পরবর্তীতে দেশের প্রধান প্রধান এলাকাগুলোতে নেটওয়ার্ক সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেছি।


এর আগে, ওলো’র নেটওয়ার্ক ঢাকা সিটির- উত্তরা, গুলশান, বনানী, মহাখালী, ধানমণ্ডি, মতিঝিল ও তার পার্শ্ববর্তী প্রধান প্রধান এলাকাগুলোতে সম্প্রসারণ করা হবে। বাসস