আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী ৪১

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৫, ২৩:৪৪

আসন্ন পৌরসভা নির্বাচনে ৪১ পৌরসভায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী থাকছে আওয়ামী লীগই। দল থেকে আজীবন বহিষ্কারের হুমকি আমলে না নিয়ে আওয়ামী লীগের ৪১ বিদ্রোহী মেয়র প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে প্রতিন্দন্দ্বিতা করার সিদ্ধান্তে অটল রয়েছেন। মূলত আওয়ামী লীগের ২৮ এমপিসহ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা নেপথ্যে থেকে পৃষ্ঠপোষকতা করায় এসব বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করে মাঠে প্রচারণা চালাচ্ছেন। আজ রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তিন দিন আগে বিদ্রোহীদের প্রার্থিতা প্রত্যাহার করতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আওয়ামী লীগ। আল্টিমেটামের সময়সীমা অতিক্রম করলেও এখনো পর্যন্ত কাউকে বহিষ্কার করা হয়নি। জানা গেছে, স্থানীয় রাজনীতির হিসাব কষতে গিয়ে সংসদ সদস্যরা দলের হাইকমান্ডের নির্দেশ না শোনার ভান করে চলেছেন। নিজের অবস্থান সুসংহত করা ছাড়াও রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলার পাশাপাশি ভবিষ্যতের পথের কাঁটা সরিয়ে দিতে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে রয়েছেন এসব এমপি।

 
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও বিদ্রোহীরা নির্বাচনী কর্মকাণ্ডে পুরোদমে সরব থাকায় চিন্তিত আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থীদের বিরূপ ভূমিকা এবং কয়েকটি পৌরসভায় স্থানীয় এমপির নেতিবাচক ভূমিকার বিষয়গুলো প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন দলের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের। পরে নেপথ্যে থাকা এমপিদের ইতোমধ্যে দলের পক্ষ থেকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলা হয়েছে, যারা বিদ্রোহীদের পৃষ্ঠপোষকতা করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কার্পণ্য করবে না আওয়ামী লীগ। এরপর কয়েকজন এমপি নির্বাচনী প্রক্রিয়া থেকে তাদের সমর্থকদের গুটিয়ে নিয়েছেন। তবে এখনো পর্যন্ত ৪১ বিদ্রোহী রয়েছেন।
 

এদিকে বিদ্রোহীরা অনড় অবস্থানে থাকলেও আওয়ামী লীগ বলছে, পৌর নির্বাচনে দলের অর্ধেক বিদ্রোহী প্রার্থী ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বাকিরা আজ প্রত্যাহার করবেন বলেও দলটি আশাবাদী। তবে যারা করবেন না তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতে কিংবা আগামী সোমবার আসতে পারে। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিদ্রোহীরা প্রার্থিতা প্রত্যাহার না করলে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের আজীবন বহিষ্কার করা হবে।