সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আবদুল্লাহ আল ফারুকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। নিহতের ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।
রবিবার ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ এক বিবৃতিতে এ শোক জানান।
বিবৃতিতে তারা নিহতের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফারুকের আত্মার মাগফেরাত কামনা করেন।
সংগঠনের দফতর সম্পাদক মেহদী আজাদ মাসুম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর ২টায় শ্রদ্ধা জানানোর জন্য আবদুল্লাহ আল ফারুকের মরদেহ ডিআরইউ প্রাঙ্গণে নেয়া হবে। সেখানে জানাজা শেষে পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হবে।
শনিবার দিনগত রাতে রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন সাংবাদিক আবদুল্লাহ আল ফারুক। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়া হয়। পরে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
