ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি বলেছেন, আসন্ন পৌরসভা নির্বাচনে ধর্মের নামে কোন মহল যাতে ভোটারদের বিভ্রান্ত করতে না পারে সে জন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৭ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, শেখ বজলুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, আওলাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, দেশের বহুল প্রত্যাশিত পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ উদ্ধোধন, শীর্ষ যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকর ও পৌরসভা নির্বাচন এ বারের বিজয় দিবসকে উৎসব মূখর করে তুলেছে।
তিনি বলেন, দেশের মানুষ মুক্তিযুদ্ধ ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য মুখিয়ে রয়েছে। আর এ বিজয়কে কোন মহল ষড়যন্ত্র করে যাতে বিতর্কিত করতে না পারে সেজন্য আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে।
অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, দেশের সকল নাশকতা ও জঙ্গিবাদের সঙ্গে যখন রাজনৈতিক মদদ থাকে তখন তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোন উপায় থাকে না।
কামরুল আরো বলেন, দেশের সরকারি দল এবং বিরোধি দল হবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক দল। স্বাধীনতা বিরোধী শক্তি কখনো বিরোধী দল হতে পারে না। আর তাহলেই কেবল জাতির মধ্যে সৃষ্ট বিভাজন দূর করা সম্ভব হবে। বাসস।
