ট্রাকের ধাক্কায় সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের মৃত্যু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৬:৩২
 
ট্রাকের ধাক্কায় আহত দৈনিক কালের কণ্ঠের প্রাক্তন উপ-সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক (৫০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। রবিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
 
এর আগে শনিবার দিবাগত রাতে কাকরাইলে রাজমনি সিনেমা হলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখান অবস্থার অবনতি হলে ফারুককে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
 
ফারুক পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বিশালিখা গ্রামের মৃত গাজীউর রহমানের ছেলে। তিনি মোহম্মাদপুর তাজমহল রোডের ৩০/১৯ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। তিনি দৈনিক কালের কণ্ঠ ও আজকের কাগজসহ বেশ কয়েকটি পত্রিকায় কাজ করেছেন।
 
তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয় প্রেসক্লাবে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান এবং সমকালের সম্পাদক গোলাম সারওয়ার। সিনিয়র সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবেদ খান, আলতাফ মাহমুদ, ওমর ফারুক, কুদ্দুস আফরাত প্রমুখ।
 
তার দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে। উভয় জানাযায় অসংখ্য সাংবাদিক ও তার পরিচতজন অংশ নেন।