রাজধানীতে নিরাপত্তা জোরদার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৫, ১৮:৩৬
শহীদ বুদ্ধিজীবী দিবস, বিজয় দিবস ও বড়দিনকে সামনে রেখে রাজধানী ঢাকার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ তারিখ বিজয় দিবস পালন করা হবে। আর বড় দিন আগামী ২৫ ডিসেম্বর। এছাড়াও ২০১৬ সালকে স্বাগত জানাতে ৩১ ডিসেম্বর মধ্যরাতে উৎসবে মাতবে ঢাকা।
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন মাসে দেশের বিভিন্ন এলাকায় হামলার বিষয়গুলো মাথায় রেখে নিরাপত্তা জোরদার করা হবে। সামনের দুটি জাতীয় দিবসে গড়ে তোলা হবে চার স্তরের নিরাপত্তা বলয়। বসানো হবে চেকপোস্ট, এছাড়াও যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা করতে টহল দিবে পুলিশ। এই মাসের শেষ পর্যন্ত পুলিশ বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে নির্দেশ দেয়া হয়েছে। এসময় নিরাপত্তা বাহিনীর দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না বলেও জানানো হয়েছে।
 
নিরাপত্তা বাহিনীর সদস্যদের তিন শিফটে ভাগ করে নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে ডিএমপি। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপয়েন্ট বসাবে র‍্যাব।