সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের মৃত্যুর ঘটনায় জড়িত ঘাতক ট্রাকের হদিস বের করে চালককে আইনের আওতায় আনা হবে বলে জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, 'কেউ আইনের উর্ধ্বে নয়। আমরা এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর শরনাপন্ন হবো।' মন্ত্রী আজ দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুকের নামাজে জানাজা শেষে উপস্থিত সাংবাদিকের এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস'র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজে নবনির্বাচিত সভাপতি আলতাফ মাহমুদ, মহাসচিব আব্দুল জলিল ভূইয়া ও নবনির্বাচিত মহাসচিব ওমর ফারুক, বিএফইউজে কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও নব-নির্বাচিত কোষাধ্যক্ষ ও বাসস’র প্রধান প্রতিবেদক মধু সূদন মন্ডল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ এসময় উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, শনিবার রাতে আকস্মিক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে সাংবাদিক ফারুক আমাদের মাঝ থেকে চলে গেছেন। তার চলে যাওয়া বা মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে আমাদের গণমাধ্যম জগতের একজন সক্রিয় কর্মী হারালাম। তার এ অকাল মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এ জন্য আমরা সমবেদনা জানাচ্ছি।
হাসানুল হক ইনু বলেন, ট্রাক চালক হোক বা গাড়ি চালক হোক তারা যদি মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করে তার জন্য জবাবদিহী করতে হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো কঠোর হওয়া উচিত।
বালাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিকরা সড়ক দুর্ঘটনায় মারাগেলে তদন্ত কমিটি হয়, কিন্তু কোন প্রতিকার পাওয়া যায় না। পুরো ঢাকা শহরই সড়কপথ অনিরাপদ অবস্থায় রয়েছে। তার প্রমাণ আব্দুল্লাহ আল ফারুকের মৃত্যু। তিনি বলেন, যারা সড়ক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারা এ বিষয়গুলো দেখবেন।কিন্তু এর আগে কোন দুর্ঘটনারই সুরাহা হয়নি। বাসস।
