সরকারের নানা উদ্যোগে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার ১ শতাংশ এর কম থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১০ শতাংশ অতিক্রম করেছে, এমন তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষকদের জন্য ‘ওয়েব বেইজড টিচিং অ্যান্ড লার্নিং সিস্টেমস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে একথা বলেন নাহিদ।
অনুষ্ঠানে মন্ত্রী বেসরকারি খাতের উদ্যোক্তাদের শিক্ষায় বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, ‘কেউ মুনাফার জন্য এগিয়ে এলে আমরা তাকে অনুমোদন দিব না’।
মন্ত্রী শিক্ষায় বিনিয়োগের চিত্র তুলে ধরে বলেন, ‘জাতীয় বাজেট কম, ঋণ পরিশোধ করতে ১২ শতাংশ চলে যায়। শিক্ষায় ভবিষ্যতের জন্য মাত্র ১০ শতাংশ বিনিয়োগ করছি। বাজেট স্বপ্লতার জন্য দুর্নীতি না করে এক টাকা দিয়ে দুই টাকার কাজ করার মানসিকতা থাকতে হবে। দুর্নীতি করা চলবে না, এক টাকা দিয়ে দুই টাকার কাজ করার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সরকারি মাল দরিয়ামে ঢাল, এই মানসিকতা থাকলে চলবে না’।
তিনি বলেন, ‘কারিগরি ও ভোকেশনাল শিক্ষা অবহেলিত ছিলো, আধুনিক কারিকুলামের সঙ্গে সম্পৃক্ততা ছিলো না। আমরা কারিগরি ও ভোকেশনাল শিক্ষাকে এখন গুরুত্ব দিচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়তে গুণগতমানের কারিগরি শিক্ষার বিকল্প নেই। ম্যানিলা ভিত্তিক আঞ্চলিক সংস্থা কলম্বো প্লান স্টাফ কলেজ (সিপিএসসি) পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে’।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি সিপিএসসি’র মহাপরিচালক জি. কুলানথাইভাল, ‘শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এএস মাহমুদ, অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ( অতিরিক্ত দায়িত্ব ) অশোক কুমার বিশ্বাস বক্তব্য রাখেন’।
