ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য চুক্তি স্বাক্ষরের পর প্রাথমিক কাজ হিসেবে গাজীপুর ও বেতবুনিয়ায় দুইটি গ্রাউন্ড স্টেশন নির্মাণ করা হবে। ২০১৭ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করা হবে। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।
রবিবার সন্ধ্যায় গাজীপুরের নলজানী এলাকায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ ক্যাম্পাসে গ্রাউন্ড স্টেশন স্থাপন এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জিএফএ চৌধুরী, টেলিকম স্টাফ কলেজের পরিচালক মো. শাহজাহান আলী, বিটিসিএলের বিভাগীয় প্রকৌশলী মো. সাজ্জাদ বিন মোস্তাইনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, টেলিটক পোস্ট অফিসেগুলোর একটি কক্ষে কম্পিউটারসহ উন্নত সার্ভিস সেন্টার স্থাপন করবে। এতে দুইটি প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লাভবান হবে। টেলিটকের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- নেটওয়ার্ক কম, টাওয়ার কম ও মূলধন কম। আগামী ৩-৪ মাসের মধ্যে নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করা হবে। তখন টেলিটকের নেওয়ার্কের সমস্যা থাকবে না।
তিনি আরো বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পর যতগুলো কাজ হাতে নিয়েছে, তার মধ্যে অন্যতম টেলিটককে শক্তিশালীকরণ। ইতোমধ্যে টেলিটকের টুজি শক্তিশালীকরণ ও থ্রিজি সম্প্রসারণকরণ প্রকল্প হাতে নিয়েছি।’
